জাতীয়

আইনশৃঙ্খলা ও সুশাসন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে জেলা দায়িত্ব

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পর্যায়ে সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয়, জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা।

তাদের দায়িত্বের মধ্যে রয়েছে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে কার্যকর পদক্ষেপে সহায়তা করা। একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন তারা।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আব্দুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর জেলার দায়িত্ব পেয়েছেন। মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পেয়েছেন চট্টগ্রামের দায়িত্ব।

এ ছাড়া বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দেশের অন্যান্য জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তারা সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শ দিতে পারবেন।

সরকার জানিয়েছে, এ দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন থাকবে। প্রধানমন্ত্রী ও সরকারের বিদ্যমান ক্ষমতা এবং মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে দায়িত্বগুলো বণ্টন করা হয়েছে।

সরকারের প্রত্যাশা, জেলা পর্যায়ে নিয়মিত তদারকি ও সমন্বয় জোরদারের মাধ্যমে আইনশৃঙ্খলা, সুশাসন ও উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি