অর্থনীতি

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে প্রায় ১০ হাজার টাকা

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এক লাফে ৯ হাজার ৮৫৬ টাকা বেড়ে ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্যতালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধির কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশাভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

ক্যাটাগরি