ডিএফসির অর্থায়নের যোগ্য দেশ হলো বাংলাদেশ, বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করে।
সংস্থাটির মতে, বাংলাদেশের নতুন এ যোগ্যতা দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
ডিএফসি জানিয়েছে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। এসব বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা সম্ভব হবে।
সংস্থাটি আরও বলেছে, বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী অনেক প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের অনাগ্রহের মুখে পড়ে। এ ধরনের বাধা কাটিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে-এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।
এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।
তিনি আরও বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়বে।



