সারাদেশ

নড়াইলের কালিয়ায় অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুই বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় উত্তেজনা

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এর জেরে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।

এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়িসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শুক্রবার বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

ক্যাটাগরি