পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় নিল বাংলাদেশ ব্যাংক, চলবে স্বাভাবিক কার্যক্রম

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজুলেশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬’-এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই চালু থাকবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬’-এর প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজুলেশনের আওতায় আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দশকের বেশি সময়ে খেলাপি ঋণ, মূলধনঘাটতি, তারল্যসংকট ও সুশাসনের ঘাটতিসহ বিভিন্ন কারণে ব্যাংকটিতে পুঞ্জীভূত আর্থিক দুর্বলতা তৈরি হয়েছে। এতে গভীর চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান এবং তারল্যসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার পরও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধার দেখা যায়নি।
এ অবস্থায় ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও কার্যকরভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা জোরদারের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজুলেশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তবে এ প্রক্রিয়ার অংশ হিসেবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না।
ফলে পদ্মা ব্যাংকের স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এ সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাত আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।



