সারাদেশ

ফুলগাজী সদর ইউনিয়নে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শত বছরের চেয়ারম্যান পরিবারের সন্তান কাফি মজুমদার

গোলাম রব্বানী কাফি মজুমদার (সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী)

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কৃতি ফুটবলার গোলাম রব্বানী (কাফি) মজুমদার। শত বছরের জনপ্রতিনিধিত্বের পারিবারিক ঐতিহ্য ধরে রেখে জনগণের নিঃস্বার্থ সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শ্রীপুর মজুমদার বাড়ির মরহুম গোলাম আহাদ (বাঘামিয়া)-র মেজো ছেলে কাফি মজুমদার ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, তাঁর দাদা তোফাজ্জল হোসেন ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তাঁর বড় জ্যাঠা আজহারুল হক (আজু) চেয়ারম্যান এবং জেঠাতো ভাই এ কে এম মহিউদ্দিন (সামু) চেয়ারম্যান প্রায় ১শত বছর চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ক্রীড়াঙ্গন ও সমাজসেবায় সুপরিচিত মুখ:

এলাকায় সমাজসেবক ও ক্রীড়াবিদ হিসেবে গোলাম রব্বানী কাফি মজুমদারের ব্যাপক সুনাম রয়েছে। আশির দশকে চট্টগ্রাম, ফেনী ও ফুলগাজীর ক্রীড়াঙ্গনে জনপ্রিয় এক ফুটবলার হিসেবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। খেলোয়াড়ি জীবনে তিনি ফেনী ভিজে ক্লাব, চট্টগ্রাম টোবাকো এবং ঢাকার ঐতিহ্যবাহী দিলকুশা ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন।

জনকল্যাণে নির্বাচনী অঙ্গীকারসমূহ:

তিনি জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে ফুলগাজী সদর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করবেন। তাঁর মূল অঙ্গীকারগুলো নিচে তুলে ধরা হলো:

হয়রানিমুক্ত সেবাদান: সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ লেনদেন করতে দেওয়া হবে না। ইউনিয়ন পরিষদের সকল সেবা শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শিক্ষা ও নিরাপদ পরিবেশ: সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ইভটিজিং মুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

কিশোর গ্যাং দমন: এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং ইউনিয়নকে সম্পূর্ণ কিশোর গ্যাং মুক্ত ঘোষণা করা হবে।

সমন্বিত উন্নয়ন: পরিষদের সকল ইউপি সদস্যকে সাথে নিয়ে সুষম ও সমন্বিত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
“ইউনিয়ন পরিষদ আমাদের কাছে অর্থ উপার্জনের মাধ্যম নয়; আমাদের মূল লক্ষ্য তিন পুরুষের পারিবারিক ঐতিহ্য বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করা। শত বছরের এই সুনাম রক্ষায় আমি ফুলগাজীর প্রবীণ, তরুণ, নতুন ভোটার ও প্রবাসী ভাইদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি।”

গোলাম রব্বানী কাফি মজুমদারের প্রার্থিতা ঘোষণার পর থেকেই ফুলগাজী সদর ইউনিয়নের সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

ক্যাটাগরি