বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে বিনা খরচে যাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাঁদের বহনকারী প্রথম ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন। প্রথম দফায় যাওয়া ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল (DHL) প্রতিষ্ঠানে কাজ করবেন। তাঁদের বিমানভাড়াসহ যাতায়াতের যাবতীয় খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম ও হত্যার শিকার পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের মধ্য থেকে।
এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।



