অর্থনীতি

ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণ খেলাপি, আদায় অনিশ্চিত ৮০-৯০ শতাংশ

ছবি: সংগৃহীত
নলেজ হাবের প্রতিবেদন
দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপিতে পরিণত হয়েছে। গত জুন শেষে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ আদায়ের সম্ভাবনা অত্যন্ত কম বলে মনে করছেন গবেষকেরা। একই সঙ্গে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে বড় ঘাটতি এবং মূলধন সংকট ব্যাংক খাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতে প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতি রয়েছে প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি ঋণাত্মক। ফলে ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধন ব্যাংকগুলোর নেই।

তিনি বলেন, খেলাপি ঋণের শ্রেণিবিন্যাস বিশ্লেষণে দেখা যায়, এর বড় অংশ সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর মূল্যায়ন অনুযায়ী, খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আদায় অনিশ্চিত।

আহসান হাবিবের ভাষ্য, খেলাপি ঋণের প্রায় ৩৩ শতাংশের মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির কারণে তৈরি হয়েছে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অনিয়ম ও অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা শুধু ব্যাংকের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে যায়। ফলে খেলাপি ঋণের পাশাপাশি মূলধন ঘাটতিও ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ব্যাংকভেদে খেলাপি ঋণের চিত্র

ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে বড় পার্থক্য রয়েছে। প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এ হার ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ।

সবচেয়ে বেশি খেলাপি ঋণের চাপ রয়েছে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ। পাশাপাশি আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। এসব ব্যাংকের ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ আমানতের তুলনায় ঋণের পরিমাণ অনেক বেশি।

আমানত বাড়লেও কমছে ঋণপ্রবাহ

ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতি কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

অন্যদিকে, গত আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিক ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর তারল্যসংকট এতে আড়াল হয়ে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঋণপ্রাপ্তিতে পিছিয়ে এসএমই ও নারী উদ্যোক্তারা

আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ব্যাংক খাতে ঘাটতি রয়েছে। গত মার্চে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে বিতরণ করা ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ। এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ২৫ দশমিক ৫০ শতাংশ।

অন্যদিকে, নারী উদ্যোক্তাদের ঋণের অংশ ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৫ শতাংশ।

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় সুপারিশ

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় কয়েকটি স্বল্পমেয়াদি সুপারিশ করেছে নলেজ হাব। এর মধ্যে রয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীনভাবে ঋণ পর্যালোচনা করা। পাশাপাশি আগামী বছরের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রতিবেদনে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। ওই মাসে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখে। গত ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। আর জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ।

ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ

ক্যাটাগরি