মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর রাজকীয় আদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি আদালতে পাঠানো হয়।
আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রায় বহাল থাকার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



