শেয়ারবাজারে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

রোববার (২২ নভেম্বর) দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
দিনের শুরু থেকেই ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত এ প্রবণতা অব্যাহত ছিল। শেষ দিকে দাম বাড়ার গতি আরও বাড়ায় সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শেষ করে।
দিন শেষে ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।
ভালো মানের বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটির দাম।
অন্যদিকে, ‘জেড’ গ্রুপের ৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। এ ছাড়া পাঁচটি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে উঠেছে।
সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। রোববার বাজারটিতে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।
এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর রোববারই সর্বোচ্চ লেনদেনের দেখা মিলেছে।
এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ৪৮ কোটি ১১ লাখ টাকার। আর ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমেছে। রোববার সিএসইতে ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।



