প্রবাস

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোহারের দুই প্রবাসীর মৃত্যু

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোহারের দুই প্রবাসীর মৃত্যু । ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় একটি ভিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার দোহার উপজেলার দুই প্রবাসী। নিহতরা হলেন উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের পলাশ ও ওবায়দুল। তাঁদের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) জেদ্দার ‘তামানিন আখের গাওয়া’ এলাকার একটি ভিলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভিলার ভেতরে থাকা পলাশ ও ওবায়দুল আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুই প্রবাসীর মৃত্যুর খবর দেশে পৌঁছালে উত্তর শিমুলিয়া গ্রামে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাঁদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

নিহত পলাশ দেশে থাকাকালে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার কাজে সম্পৃক্ত থাকায় তাঁর পরিচিতজন ও সহকর্মীদের মধ্যেও শোক নেমে এসেছে।

পলাশের পরিবারে রয়েছেন স্ত্রী, আট বছরের এক মেয়ে ও মাত্র তিন মাস বয়সী এক ছেলেসন্তান। অল্প বয়সী দুই সন্তানকে নিয়ে তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁদের স্বজন, সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দোহার প্রেসক্লাব।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তবে আগুন লাগার কারণ এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্যাটাগরি