বিনোদন

অনুমতি ছাড়াই ‘সারকে চুনার তেরি সরকে’ হিন্দি সংস্করণ, নোরার অভিযোগ

নোরা ফাতেহি

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সারকে চুনার তেরি সরকে’ গান নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে সামনে এসেছে। এবার গানটির মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি দাবি করেছেন, হিন্দি সংস্করণ তৈরি এবং সেখানে তাঁর ছবি ও ভিজ্যুয়াল ব্যবহারের আগে তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

প্রায় পাঁচ মাস আগে গানটি প্রকাশের পর এর কথা, দৃশ্যায়ন ও নারীদের উপস্থাপন নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। বিভিন্ন সংগঠন গানটিতে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহারের অভিযোগ তুলে এটি নিষিদ্ধের দাবি জানায়। পরে সরকারের নির্দেশ ও অল ইন্ডিয়া সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের পর গানটি সরিয়ে নেওয়া হয়।

সম্প্রতি এক পডকাস্টে নোরা ফাতেহি জানান, প্রায় তিন বছর আগে তিনি ‘সারকে চুনার তেরি সরকে’ গানের কন্নড় সংস্করণের শুটিং করেছিলেন। বড় বাজেটের সিনেমা এবং অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে কাজের সুযোগ থাকায় তিনি এতে অংশ নেন।

তবে নোরার অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই পরবর্তী সময়ে গানটির হিন্দি সংস্করণ তৈরি করা হয়। কন্নড় সংস্করণে থাকা গানের সঙ্গে হিন্দি সংস্করণের বিষয়বস্তু ও কিছু শব্দের পার্থক্য রয়েছে। বিশেষ করে হিন্দি সংস্করণে এমন কিছু আপত্তিকর শব্দ যুক্ত করা হয়েছে, যেগুলোর সঙ্গে তিনি একমত নন।

‘সারকে চুনার তেরি সরকে’ গানের দৃশ্যে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত

নোরা আরও দাবি করেন, হিন্দি সংস্করণের লিরিক্যাল ভিডিওতে তাঁর অনুমতি ছাড়াই তাঁর কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করে ভিডিওতে ব্যবহারের অভিযোগও করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, কন্নড় সংস্করণে তিনি যে কাজ করেছিলেন, সেটি পরবর্তীতে তৈরি হিন্দি সংস্করণের সঙ্গে এক নয়। ফলে হিন্দি গানকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার দায় তাঁর ওপর দেওয়া ঠিক হবে না।

নোরা বলেন, কোনো শিল্পীর ছবি, কাজ বা ভিজ্যুয়াল ব্যবহারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। এতদিন নীরব থাকায় বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা তৈরি হচ্ছিল বলেই এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

নোরার নতুন বক্তব্যের পর ‘কেডি: দ্য ডেভিল’-এর গানটি ঘিরে আগের বিতর্ক আবারও আলোচনায় এসেছে।

সূত্র: দ্য ওয়াল

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি