আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় কোম্পানিটি। এর অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য আগামী ১৮ অক্টোবর রোড শো আয়োজন করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিওর রোড শো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমেও এতে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
রোড শোতে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোম্পানির সম্ভাবনা সম্পর্কে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ অনুযায়ী, সব যোগ্য বিনিয়োগকারী বা এলিজিবল ইনভেস্টরকে (ইআই) রোড শোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কোম্পানিটি।
যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ইনভেস্টমেন্ট স্কিম এবং ন্যাশনাল পেনশন অথরিটিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্ট্রারের দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।
বর্তমানে কনফিডেন্স গ্রুপের একটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটি হলো কনফিডেন্স সিমেন্ট পিএলসি। ১৯৯৫ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কনফিডেন্স সিমেন্টের পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৬২ লাখ। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে ৩০ দশমিক ৩৪ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৭ দশমিক ৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ২৩ পয়সা। ওই অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা শেয়ারপ্রতি ১ টাকা।
কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিওর মাধ্যমে কনফিডেন্স গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে যুক্ত হলে গ্রুপটির তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা আরও বাড়বে।



