জাতীয়

আগস্টে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

ছবি: সংগৃহীত

আগস্ট মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, বজ্রঝড় এবং ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত মাসিক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে সারাদেশে ৫ থেকে ৬ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। পাশাপাশি এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সামগ্রিকভাবে বাড়তে পারে।

এদিকে জুলাইয়ে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামে স্বাভাবিকের চেয়ে ৫৯ শতাংশ এবং সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। ৮ জুলাই চট্টগ্রামে দেশের সর্বোচ্চ দৈনিক ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জুলাইয়ে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস সিলেটে।

এফ বার্তা/ এইচ

ক্যাটাগরি