অর্থনীতি

ইউটিলিটি বিল ও মোবাইল রিচার্জে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ডিজিটাল ঋণ

ইউটিলিটি বিল পরিশোধ ও মোবাইল ফোন রিচার্জের মতো দৈনন্দিন ছোটখাটো প্রয়োজন মেটাতে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের খসড়া নীতিমালায় এ ঋণের প্রস্তাব রাখা হয়েছে। খসড়াটি জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। মতামত পর্যালোচনার পর চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

খসড়া অনুযায়ী, ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন এবং এ সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে কোনো সুদ দিতে হবে না। তবে ঋণের পরিমাণ অনুযায়ী ব্যাংকগুলো নির্ধারিত হারে সার্ভিস ফি নিতে পারবে।

৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকায় ১০ টাকা এবং ৫০১ থেকে ১ হাজার টাকায় ১৫ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে। একইভাবে ১ হাজার থেকে ২ হাজার টাকায় ২৫ টাকা, ২ হাজার থেকে ৩ হাজার টাকায় ৩৫ টাকা এবং ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫০ টাকা সার্ভিস ফি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সার্ভিস ফির বাইরে কোনো সুদ, জরিমানা, প্রসেসিং ফি, অতিরিক্ত চার্জ বা আগাম ঋণ পরিশোধের জন্য আর্লি সেটেলমেন্ট ফি নেওয়া যাবে না।

ঋণ দেওয়ার পুরো প্রক্রিয়াটি হবে ডিজিটাল। কাগজে স্বাক্ষরের পরিবর্তে গ্রাহকের বায়োমেট্রিক তথ্য যাচাই ও ডিজিটাল সম্মতির মাধ্যমে ঋণ অনুমোদন করা হবে। বাংলাদেশ ব্যাংকের আশা, এ সুবিধা চালু হলে ছোট আর্থিক প্রয়োজন মেটানোর পাশাপাশি ডিজিটাল লেনদেন বাড়বে এবং নগদ অর্থের ব্যবহার কমবে।

ক্যাটাগরি