ইসলাম গ্রহণের পর মক্কায় আবারও ওমরাহ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার কাতেলেন সুজা

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন তিনি। তাঁর ইসলাম গ্রহণের গল্প ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
ফুটবলে পথচলা ও ক্যারিয়ার
১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম কাতেলেন সুজা ফেইতোজার। ছোটবেলায় সান্তোসের বয়সভিত্তিক দলে ফুটবল খেলা শুরু করেন তিনি।
ব্রাজিলে নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ না থাকায় মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কাতেলেন। সেখানে মনরো কলেজ, ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল চালিয়ে যান।
পড়াশোনা শেষে ফ্রান্সের ক্লাব বোর্দোর হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর খেলেছেন ইতালির ইন্টার মিলানে। ২০২২ সালে যোগ দেন স্পেনের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদে।
২০২৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন কাতেলেন। ক্লাবটিতে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও খেলেন। চলতি বছরের জুলাইয়ে আল নাসর ছেড়ে সৌদি আরেক ক্লাব আল হিলালে যোগ দেন এই ডিফেন্ডার।
ব্রাজিল জাতীয় দলের হয়েও রয়েছে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ ও ২০২৩ সালের নারী বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালে কোপা আমেরিকা জয়ী দলেরও সদস্য ছিলেন কাতেলেন।
যেভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন
কাতেলেনের ইসলাম গ্রহণের গল্পও বেশ আগ্রহজাগানিয়া। ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন ও ইসলাম গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
কাতেলেন জানান, তাঁর জন্ম ক্যাথলিক পরিবারে। ছোটবেলায় নিয়মিত গির্জায় যেতেন এবং গির্জার বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। ধর্মের প্রতি গভীর বিশ্বাস থাকলেও রিয়াল মাদ্রিদে থাকার শেষ বছরে আধ্যাত্মিকভাবে দিশাহীন হয়ে পড়েন। তখন কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করতেন না। বরং বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা ও আলোচনা করতেন।
সৌদি আরবে যাওয়ার পর মুসলিম সতীর্থদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা শুরু হয় তাঁর। সতীর্থরা কখনোই তাঁর ওপর কোনো ধর্ম চাপিয়ে দেননি বলে জানান কাতেলেন।
তিনি বলেন, সৌদি আরবে প্রথম রমজানে মুসলিম না হয়েও রোজা রেখেছিলেন। বিষয়টি তাঁর কাছে ভালো লাগে। এরপর কুরআন পড়তে শুরু করেন এবং সতীর্থদের সঙ্গে ধর্ম নিয়ে আরও বেশি আলোচনা করেন।
বড়দিনের ছুটিতে পরিবারের কাছে গিয়ে বাবার সঙ্গেও নিজের ধর্মীয় অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। গত এক বছরে ধর্ম সম্পর্কে যা শিখেছেন, সেসব বাবাকে জানান। বাবাও তাঁর পরিবর্তন লক্ষ করেন।

কাতেলেনের ভাষ্য অনুযায়ী, বাবা তাঁকে বলেছিলেন, তিনি আগের চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক পরিণত, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠেছেন।
এরপর সৌদি আরবে ফিরে ইসলাম সম্পর্কে তাঁর বিশ্বাস আরও দৃঢ় হয়। ইসলাম তাঁকে আরও ভালো মানুষ হতে সাহায্য করছে—এমন উপলব্ধি থেকেই মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ইসলাম গ্রহণের পর প্রথম ওমরাহ
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কাতেলেন। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানান আল নাসর নারী দলের সতীর্থরা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান তাঁরা।
ইসলাম গ্রহণের পর প্রথমবার মক্কায় গিয়ে পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন করেন এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেছিলেন, ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, নিজেকে পরিবর্তনের চেষ্টা এবং জীবনের উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা।
এরপর গত ১৯ নভেম্বর আবারও মক্কায় গিয়ে ওমরাহ পালন করলেন ব্রাজিলের এই ডিফেন্ডার। ফুটবল ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই ধর্মীয় জীবনের নতুন অধ্যায় এগিয়ে নিচ্ছেন কাতেলেন সুজা।



