জাতীয়

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের ঋণচুক্তি

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: পিআইডি

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবির পক্ষে ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইএসডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। নির্ধারিত সময় অনুযায়ী ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে দেশের মোট পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে।

এর ফলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চুক্তি স্বাক্ষর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের। এ সময় দুই পক্ষের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

ক্যাটাগরি