এক দিন পরই স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে টানা আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল মোট ২৮ হাজার ৫১৮ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ওই দাম কার্যকর হওয়ার এক দিন পরই আবার বড় অঙ্কের মূল্যহ্রাসের ঘোষণা দিল বাজুস।
এ নিয়ে টানা আট দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এই সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।



