শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশ

এলবিনো মহিষ ‘নেতানিয়াহু’ শেষমেশ সাড়ে ৬ লাখের বিক্রি

আলোচিত এলবিনো মহিষ ‘নেতানিয়াহু’।

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আলোচিত এলবিনো মহিষ ‘নেতানিয়াহু’ এবার আসছে ঢাকায়। ব্যতিক্রমী গোলাপি রং, বিশাল দেহ আর অদ্ভুত নামের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মহিষটি।

শুক্রবার (১৫ মে) সাড়ে ৬ লাখ টাকায় কিনে নিয়েছেন ঢাকার এক রাজনৈতিক নেতা। তবে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি। নারায়ণগঞ্জের ‘এসএস ক্যাটেল’ খামারে থাকা এই বিরল এলবিনো মহিষটি গত কয়েক সপ্তাহ ধরেই স্থানীয়দের কৌতূহলের কেন্দ্র হয়ে ওঠে। খামারে থাকা শতাধিক পশুর মধ্যেও সবচেয়ে বেশি নজর কাড়ে হালকা গোলাপি রঙের এ মহিষটি।

দূর-দূরান্ত থেকে মানুষ শুধু একনজর দেখতে ভিড় করতেন ‘নেতানিয়াহু’-কে। খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটি যখন খামারে আনা হয়, তখন এর ওজন ছিল প্রায় ৩০০ কেজি। দীর্ঘদিন বিশেষ পরিচর্যা, প্রাকৃতিক খাবার এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে প্রায় ৭০০ কেজিতে। বিশাল গড়নের পাশাপাশি এর অস্বাভাবিক রঙই মূলত মানুষের আগ্রহ বাড়িয়ে দেয়।

এসএস ক্যাটেলের সহকারী ব্যবস্থাপক মাজহারুল হক জানান, এলাকার মানুষ মজা করেই মহিষটির নাম রেখেছেন ‘নেতানিয়াহু’। পরে সেই নামই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নামের কারণে মানুষের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয় এবং প্রতিদিন শত শত দর্শনার্থী খামারে ভিড় করতে থাকেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বন্দর এলাকায় এর আগে এত বড় ও এমন রঙের মহিষ খুব কমই দেখা গেছে। ঈদুল আজহাকে সামনে রেখে তাই ‘নেতানিয়াহু’ এখন শুধু একটি পশুর নাম নয়, পুরো এলাকার আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এবার সেই আলোচিত মহিষই যাচ্ছে রাজধানী ঢাকার পথে।

 

ক্যাটাগরি