কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি তুরস্কের আন্তালিয়ায় অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। পথে তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন তিনি। পরে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (১১ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনের পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।



