জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ক্ষয়ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে কপ-৩১ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ বা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তা চাইবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থের পরিমাণ বাড়ানোর দাবি জানানো হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলো যেন এ তহবিল থেকে অর্থ পায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এসব দাবি বাংলাদেশ এককভাবে নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর জোটের মাধ্যমে সম্মেলনে তুলে ধরবে।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবে তুরস্ক এবং আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।

এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রতিশ্রুতি গ্রহণের পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

ক্যাটাগরি