কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হতে পারে ২০২৭ সালের জুলাইয়ে

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জুলাই মাস থেকে মতিঝিল-কমলাপুর অংশে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হতে পারে।
বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার অংশ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এতে মোট স্টেশন হবে ১৭টি।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের পূর্তকাজের অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ সম্পন্ন হয়েছে ৫৮ শতাংশ।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মূল অবকাঠামো নির্মাণ শেষ করার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ করে রেললাইন স্থাপনের জন্য ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোও নির্মিত হয়েছে। বর্তমানে স্টেশনের অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে।
তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই মেট্রোরেল চালু করা সম্ভব হবে না। এর আগে রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা, টেলিযোগাযোগ ব্যবস্থা, লিফট ও এসকেলেটরসহ প্রয়োজনীয় সব কারিগরি ব্যবস্থা সচল করতে হবে।
এরপর সমন্বিত পরীক্ষা ও পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এসব কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রমের অগ্রগতির ওপর নির্ভর করছে চূড়ান্ত উদ্বোধনের সময়।
এর আগে মতিঝিল-কমলাপুর অংশ চালুর সম্ভাব্য সময় কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর পরিকল্পনা থাকলেও পরে তা এপ্রিল-মে মাসে নির্ধারণের কথা জানানো হয়। সর্বশেষ নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে এই অংশে নিয়মিত যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে।



