কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের যে নির্দেশনা মানতে বলল উপ-হাইকমিশন

ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে কলকাতা যাওয়ার আগে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় উপ-হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান নিরাপত্তাবিধি মেনে পুনরায় চালু করতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এ অবস্থায় কলকাতা যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করার পাশাপাশি সেটি বর্তমানে চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে উপ-হাইকমিশন।
চিকিৎসার জন্য কলকাতাগামী রোগীদের সঙ্গে থাকা অ্যাটেনডেন্টদেরও একইভাবে আগাম হোটেল বুকিং নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি বুকিংয়ের বৈধতা, কক্ষের প্রাপ্যতা, হোটেল থেকে হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কেও আগে থেকে নিশ্চিত হতে বলা হয়েছে।
উপ-হাইকমিশন জানিয়েছে, অগ্রিম আবাসন নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ করলে সেখানে গিয়ে হোটেল সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



