চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলায় আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তাঁর বিরুদ্ধে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা করেছে ভারতের চার্টার্ড উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিউন্স এভিয়েশন। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে করা মামলায় প্রতিষ্ঠানটির অভিযোগ, নোরার মন্তব্যে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিমানের বুকিং কমেছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন্স এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ বিমানে ভ্রমণ করেন নোরা। সে সময় বিমানের ভেতরে কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। ভিডিওতে বিমানটিকে ‘ছোট’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ হিসেবে উল্লেখ করেন নোরা।
ডিউন্স এভিয়েশনের দাবি, নোরার ইনস্টাগ্রাম অনুসারী চার কোটি ৬০ লাখের বেশি হওয়ায় তাঁর মন্তব্য দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে বিমানটির নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়। প্রতিষ্ঠানটির দাবি, ভিডিও প্রকাশের পর তাদের চার্টার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং বুকিং বাতিলের সংখ্যাও বেড়ে যায়।
মামলায় নোরার মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি রুপি দাবি করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া এবং প্রকাশ্য ব্যাখ্যা দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে।
ডিউন্স এভিয়েশন জানিয়েছে, নোরা যে বিমানটি নিয়ে মন্তব্য করেছেন সেটি নিরাপদ এবং ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নন-শিডিউলড অপারেটরস পারমিটের আওতায় পরিচালিত হয়।
চলতি বছরের এপ্রিলে মামলাটি করা হয়। গান্ধীনগরের জ্যেষ্ঠ দেওয়ানি বিচারক আর আগরওয়ালের আদালতে ২৫ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে নোরা ফাতেহির কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ডিউন্স এভিয়েশনের অভিযোগগুলোও আদালতে এখনো প্রমাণিত হয়নি।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



