ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের বিষয়ে জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন তিনি।
জনসম্পৃক্ততা বাড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বাড়বে সক্ষমতা
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।
সভায় সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীকে মশা কামড়ানোর পর সেই মশার মাধ্যমে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দিয়ে তিনি বলেন, সিদ্ধান্তের বাস্তব প্রতিফলন মাঠপর্যায়ে দেখা যেতে হবে।
এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



