অর্থনীতি

তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার

সংগৃহীত ছবি

দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা বেড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে এ ধরনের হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি। একই সময়ে এসব হিসাবে মোট আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

তবে কোটিপতি হিসাব বাড়লেও ব্যক্তি পর্যায়ে এসব হিসাবে আমানতের পরিমাণ কমেছে। বিপরীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত বাড়ায় সামগ্রিকভাবে কোটিপতি হিসাবগুলোতে জমার পরিমাণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।

মার্চ শেষে এ ধরনের হিসাব ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। অর্থাৎ তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি।

কোটিপতি হিসাবের আমানত বেড়েছে ১৬ হাজার কোটি

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চ শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে মোট জমা ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকা।

অর্থাৎ তিন মাসে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

ব্যক্তি পর্যায়ে উল্টো চিত্র

সামগ্রিকভাবে কোটিপতি হিসাবের আমানত বাড়লেও ব্যক্তি পর্যায়ে আমানত কমেছে।

জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন ব্যক্তি শ্রেণির হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭০১টি। এসব হিসাবে জমা ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা।

মার্চ শেষে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাব ছিল ৪০ হাজার ৬৩০টি। তখন এসব হিসাবে জমা ছিল ৯১ হাজার ৩৫২ কোটি টাকা।

সে হিসাবে তিন মাসে ব্যক্তি পর্যায়ে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব বেড়েছে ৭১টি। তবে এসব হিসাবে মোট আমানত কমেছে ১ হাজার ২২১ কোটি টাকা।

অর্থাৎ ব্যাংক খাতে কোটিপতি হিসাবের সংখ্যা ও মোট আমানত—দুটিই বাড়লেও এই প্রবৃদ্ধির বড় অংশ এসেছে ব্যক্তি আমানতকারীর বাইরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য শ্রেণির হিসাব থেকে।

ক্যাটাগরি