সারাদেশ

নাটোর স্টেশনে খোয়া গেল পাসপোর্ট-ক্যামেরা, উদ্ধার না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক

ছবি: সংগৃহীত
নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে চুরি হওয়া ম্যাকবুক ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেও শেষ পর্যন্ত খালি হাতে ঢাকায় ফিরে গেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার (১৮)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। খবর লেখা পর্যন্ত (বৃহস্পতিবার রাত ৯টা) পুলিশ তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে বুধবার বিকেলে নাটোরে নামেন এই তরুণ পর্যটক। সেখান থেকে দর্শনা হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
নাটোর স্টেশনে ট্রেনের টিকিট কাটতে এটিএম বুথে যাওয়ার সময় নিজের জিনিসপত্র দেখাশোনার দায়িত্ব রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে দিয়ে যান ক্রিল। টাকা তুলে ফিরে এসে দেখেন, ব্যাগের সঙ্গে উধাও সেই ব্যক্তিও। পরে জানা যায়, তিনি রেলওয়ের কেউ ছিলেন না।
চুরি হওয়া ল্যাপটপের ডিজিটাল লোকেশন রাজশাহীর রেলগেট ও পরে মহিলা কলেজ এলাকায় দেখালে বুধবার দিবাগত রাত ১১টায় রাজশাহীতে আসেন ক্রিল। রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করে পুলিশ।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ল্যাপটপে সিম না থাকায় জিপিএস ধরে অভিযান চালালেও সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে আব্দুলপুর স্টেশনের কাছে লোকেশন দেখালে তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনেও তল্লাশি চালানো হয়, তবে মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে ১৮ বছর বয়সী পর্যটক ক্রিল ল্যান্ডার বলেন, “আমার পাসপোর্ট ও মুঠোফোন সঙ্গে থাকলেও ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে।” মালামাল উদ্ধার না হলেও পুলিশের দেওয়া সহযোগিতার প্রশংসা করেন তিনি।
পুলিশ জানিয়েছে, বিদেশি মেহমানের খোয়া যাওয়া মালামাল উদ্ধারে বোয়ালিয়া থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও রেলওয়ে পুলিশের সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি