প্রকাশ্যে ঘুষ সমর্থনের ভিডিও ভাইরাল: চুনারুঘাটের এএসআই প্রত্যাহার

প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে বিতর্কিত মন্তব্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমাবার (৫ অক্টোবর, ২০২৬) রাতে তাঁকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনে সংযুক্তির এই নির্দেশ জারি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে এক ব্যবসায়ীর মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রকাশ্যে ঘুষ গ্রহণ নিয়ে চরম বিতর্কমূলক বক্তব্য দেন তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়:
“কিছু রটে দেখেই তো কিছু বটে। কথা বুঝস না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুস খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব—হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।”
উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বক্তব্যটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইন বিষয়টি এড়িয়ে যান এবং মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তবে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভিডিওটি সামনে আসার পরপরই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে রাতেই থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।



