প্রবাসী আয়ে নতুন মাইলফলক, চলতি অর্থবছরে রেমিট্যান্সে ১৭.৬ শতাংশ প্রবৃদ্ধি

চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষ হওয়ার আগেই দেশের রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত ৩৬৩ দিনে দেশে মোট ৩৫ দশমিক ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩০ দশমিক ০৪৭ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ২৮ জুন এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে এসেছে ২ দশমিক ৫৮৬ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের জুনের একই সময়ের ২ দশমিক ৫৪০ বিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং হুন্ডি নিরুৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও বিনিময় হার স্থিতিশীল রাখতেও সহায়তা মিলছে।
উল্লেখ্য, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের আগস্টে ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তবে পরবর্তী সময়ে অর্থপাচার, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে রিজার্ভ দ্রুত কমে যায়। একই সময়ে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার প্রায় ৮৪ টাকা থেকে বেড়ে ১২০ টাকার কাছাকাছি পৌঁছে। আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।



