অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেনে নতুন রেকর্ড, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

ছবি : সংগৃহীত

দেশে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক সপ্তাহে বাংলা কিউআরে দৈনিক গড় লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। এসব লেনদেনের দৈনিক আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

তবে গত এক সপ্তাহে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩ হাজারে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের আর্থিক পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও দ্রুত বাড়ছে। ২১ জুলাই পর্যন্ত যেখানে প্রায় ১৬ লাখ ব্যবসায়ী বাংলা কিউআর ব্যবহার করতেন, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩০ লাখ ছাড়িয়েছে।

বাংলা কিউআরের প্রসারে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও কাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, একক কিউআর ব্যবস্থার বিস্তারের ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার আরও দ্রুত হবে।

তাদের মতে, সহজ ও একক কিউআর ব্যবস্থার মাধ্যমে ছোট-বড় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনে অংশগ্রহণ বাড়বে। এতে দেশে আরও সহজ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি