বিশ্বকাপ ফাইনালে কড়া নিরাপত্তা, স্টেডিয়ামে ঢুকতে দর্শকদের দীর্ঘ অপেক্ষা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এর ফলে স্টেডিয়ামে প্রবেশ করতে ফুটবলপ্রেমীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গ্যালারিতে বসে খেলা দেখতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করেই নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে। পুরো নিরাপত্তা কার্যক্রমের দায়িত্বে রয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। ফলে দর্শকদের বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা তল্লাশি ও স্ক্যানিংয়ের মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হচ্ছে।
একজন গণমাধ্যমকর্মী জানান, নির্ধারিত একটি প্রবেশপথে পৌঁছানোর পর তাঁকে অন্য লাইনে যেতে বলা হয়, কারণ সেখানে ব্যাগ তল্লাশির জন্য নিরাপত্তা কুকুর (সিকিউরিটি ডগ) উপস্থিত ছিল না।
বিশ্বকাপের স্বেচ্ছাসেবকেরা জানান, এই ভেন্যুতে অনুষ্ঠিত আগের সাতটি ম্যাচের তুলনায় ফাইনাল দেখতে অনেক বেশি দর্শক নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। ভিড় নিয়ন্ত্রণে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত প্রবেশপথও চালু করা হয়।
কড়া নিরাপত্তা ও দীর্ঘ অপেক্ষার পরও ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ফাইনাল পিছিয়ে যাওয়া বা বড় ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নের আশঙ্কা নেই।




