ফিফা বিশ্বকাপ

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, নজিরবিহীন নিরাপত্তা: আকাশে এফ-১৬, ছাদে স্নাইপার

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাবেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: দ্য টেলিগ্রাফের সৌজন্যে

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর উপস্থিতিকে ঘিরে পুরো আয়োজনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণি ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে হোয়াইট হাউস। ফলে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

হোয়াইট হাউস জানিয়েছে, ফাইনাল চলাকালে স্টেডিয়ামের আকাশসীমায় থাকবে অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা। সেই নিষিদ্ধ আকাশসীমা টহল দেবে এফ-১৬ যুদ্ধবিমান, আর স্টেডিয়ামের ছাদে মোতায়েন থাকবেন সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার। নিরাপত্তায় অংশ নেবে এফবিআইসহ বিভিন্ন ফেডারেল সংস্থার হাজার হাজার সদস্য।

দর্শকদের সম্ভাব্য দীর্ঘ নিরাপত্তা তল্লাশির কথা বিবেচনা করে ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান বা কংগ্রেসে বার্ষিক ভাষণের সমমানের। তাঁর ভাষায়, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন।”

কর্তৃপক্ষ জানিয়েছে, গত এপ্রিলে হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজে নিরাপত্তা ভেঙে এক অস্ত্রধারীর প্রবেশের ঘটনার পর বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়। এ লক্ষ্যে ৬২ কোটি ৫০ লাখ ডলারের ফেডারেল নিরাপত্তা অনুদানও অনুমোদন করা হয়েছে।

এদিকে ফাইনালের আগে জারি করা অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা অমান্য করায় একটি ছোট বেসামরিক বিমানকে বাধা দেয় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা কমান্ড (নোরাড) জানিয়েছে, যুদ্ধবিমানগুলো প্রথমে আলোক সংকেতের মাধ্যমে সতর্ক করে, পরে বিমানটিকে নিরাপদে নিষিদ্ধ আকাশসীমার বাইরে নিয়ে যায়।

টুর্নামেন্ট চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় উড়তে থাকা শত শত ড্রোনও জব্দ করেছে এফবিআই। একই সঙ্গে নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) জারি করা উড্ডয়ন নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচ শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের দাবি, ট্রাম্পের উপস্থিতির মধ্য দিয়েই এমন একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এফবি/কে হাসান

ক্যাটাগরি