অর্থনীতি

বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩০ জুন) গভর্নর মো. মোস্তাকুর রহমান এ মুদ্রানীতি প্রকাশ করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে এবারও নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন মুদ্রানীতিতে রেপো সুদহার ১০ শতাংশ, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫০ শতাংশই রাখা হয়েছে।

চলতি বছরের মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশে নেমে আসায় ডিসেম্বর পর্যন্ত এ খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক আগামী অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও মে মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ।

ক্যাটাগরি