বিনোদন

মানহানির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

তানজিন তিশা

মানহানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিফকাহ চৌধুরী। রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মামলাটি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, এর আগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মামলা করেন তিনি। এ ছাড়া হুমকি-ধমকির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(সি) ধারায় আরেকটি মামলা করেন।

আরজিতে বলা হয়, এসব মামলা করার পর প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর তানজিন তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিভিন্ন ছবি প্রকাশ করেন এবং ভুল তথ্য ছড়ান। পাশাপাশি বাদী সম্পর্কে বিভিন্ন তথ্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, গত ৭ নভেম্বর তানজিন তিশা তাঁকে মেসেঞ্জারে কল করে ভাইরাল করার হুমকি দেন। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’

মামলার আরজিতে আরও বলা হয়, ২৭ অক্টোবর প্রকাশিত একটি ছবিতে বাদীকে এক নারীকে চুম্বন করতে দেখা যাচ্ছে বলে দাবি করেন তানজিন তিশা। এ ছাড়া ওই পোস্টে দুই শিশুর ছবিও প্রকাশ করা হয় বলে অভিযোগ করেন বাদী।

বিষয়টি জানার পর বাদী আইনজীবীর মাধ্যমে তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ পাঠান। তবে নোটিশ পাঠানোর পরও সংশ্লিষ্ট ছবি সরানো হয়নি এবং কটূক্তি, মানহানি ও আরও ছবি প্রকাশের হুমকি দেওয়া হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে মানহানির মামলা করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিফকাহ চৌধুরী। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

ক্যাটাগরি