মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, আটক একজন

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। হত্যাকাণ্ডের অভিযোগে তাদেরই এক বাংলাদেশি সহকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজন বাংলাদেশিকে আটক করা হয়।
পরবর্তী তদন্তে লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং এসব আঘাতেই তাদের মৃত্যু হয়েছে।
আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন। পুলিশ ধারণা করছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি দেশটির পুলিশ।




