মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইনও প্রণয়ন করা হয়। তিনি বলেন, এসব উদ্যোগ ছিল সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব এবং সাফল্য তাঁকে সব সময় আন্দোলিত করে। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। কিন্তু জীবনসায়াহ্নেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, সে জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদানের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব কিছুটা হলেও পালনের চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখা হবে, ইনশাআল্লাহ।



