ফিফা বিশ্বকাপ

মেসির জন্য সবকিছু উজাড় করে দেবে আর্জেন্টিনা, জানালেন আলভারেজ

সংগৃহীত ছবি

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর শিরোপা ধরে রাখার লক্ষ্যে আরও দৃঢ় প্রতিজ্ঞ আর্জেন্টিনা। সেই মিশনের সবচেয়ে বড় অনুপ্রেরণা অধিনায়ক লিওনেল মেসি। দলের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ জানিয়েছেন, মেসিকে আরও একবার বিশ্বকাপের ট্রফি এনে দিতে দলের সবাই নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেবে।

সুইজারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচের ১১২তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলভারেজ। এরপর লাউতারো মার্তিনেজের আরেকটি গোলে সেমিফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

ম্যাচ শেষে আলভারেজ বলেন, “লিওনেল মেসিকে আবারও বিশ্বকাপের শিরোপা এনে দিতে আমরা সবকিছু করব। তার জন্য প্রতিটি ম্যাচই আমাদের কাছে যুদ্ধের মতো। তিনি গোল করলে আমার প্রথম কাজই তাকে জড়িয়ে ধরা।”

নিজের ম্যাচজয়ী গোল নিয়ে এই স্ট্রাইকার বলেন, “গোল করার পর স্বস্তি পেয়েছি। পরিসংখ্যান আমাদের পক্ষে থাকলেও ম্যাচটি মোটেও সহজ ছিল না। সময় যত গড়িয়েছে, লড়াই তত কঠিন হয়েছে। তবে আমরা ধৈর্য ধরে খেলেছি এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছি।”

২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। সেই লক্ষ্য পূরণে এখন তাদের সামনে দুটি ম্যাচ। প্রথম বাধা সেমিফাইনালে ইংল্যান্ড।

বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে, মেসিও আরও একটি বিশ্বকাপ শিরোপার খুব কাছে পৌঁছে যাবেন।

ক্যাটাগরি