রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল

দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির অবস্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নতুন রাষ্ট্রপতি বিএনপি থেকে হবেন নাকি দল-সমর্থিত অন্য কোনো ব্যক্তি হবেন—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে এখনও আমাদের কোনো বৈঠক হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা শেষে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
নিজেকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিয়ে চলা গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, “দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত। ব্যক্তিগতভাবে এ বিষয়ে আমার কিছু বলার নেই।”
এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কৃষি, গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে বলেন, রাজনৈতিক বিতর্কের পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তিকে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। এতে উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষিখাত আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, কৃষকদের প্রধান সংকট উৎপাদন নয়, বরং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এজন্য কোল্ড স্টোরেজ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শুধু চাকরির ওপর নির্ভর না করে কৃষিভিত্তিক উদ্যোগ, সংরক্ষণ ও বিপণন খাতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে এলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি কৃষকরাও উপকৃত হবেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




