অর্থনীতি

রেমিট্যান্স প্রবাহে চাঙ্গা আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, বর্তমানে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ (BPM6) হিসাবপদ্ধতি অনুযায়ী, দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে প্রবাসী আয় (রেমিট্যান্স) ধারাবাহিকভাবে বাড়তে থাকায় রিজার্ভ শক্তিশালী হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৩০ ও ৩১ জুলাই—মাসের শেষ দুই দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা জুলাইয়ের মোট রেমিট্যান্স প্রবাহে বড় ভূমিকা রেখেছে। এর ইতিবাচক প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও প্রতিফলিত হয়েছে।

ক্যাটাগরি