জাতীয়

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি সংসদ সদস্য গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তারেক রহমান বলেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোর মধ্যে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামকে প্রাথমিকভাবে হাসপাতাল নির্মাণের জন্য নির্বাচন করা হয়েছে। এসব স্থানে একটি করে ১০০ শয্যার হাসপাতাল তৈরি করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ।

এর আগে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। দেশের খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একইভাবে শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট দেশে যেতে বাধ্য হয়।

ক্যাটাগরি