সেপ্টেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স ১৪২ কোটি ৭০ লাখ ডলার এসেছে

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৫২ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত রোববার (১৩ সেপ্টেম্বর) এক দিনেই দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৭ শতাংশ
চলতি অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।
প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে এবং রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফিন্যান্সিয়াল বার্তা/বি ইউ



