সেপ্টেম্বরের ২১ দিনেই রেমিট্যান্স ২৫ হাজার ৩৭৫ কোটি টাকা

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৫ কোটি টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩ কোটি ২০ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলারের প্রবাসী আয় আসে। এরপর আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের অর্থবছর ২০২৪-২৫ সালে প্রবাসী আয় এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনে ইতিবাচক প্রভাব পড়ছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়াতে বিভিন্ন সময়ে প্রবাসীদের জন্য নানা সুবিধা ও প্রণোদনা দিয়ে আসছে সরকার ও বাংলাদেশ ব্যাংক।



