স্বাস্থ্য

হামের উপসর্গে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৫২

ছবি : সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত হাম পরিস্থিতি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন ৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

 ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ১ হাজার ২৩৮

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন।

নতুন নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন।

সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৩ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

দেশে মোট হাম রোগী ২ লাখ ৮২ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন।

সন্দেহজনক হাম নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী হিসেবে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

 ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫৬০ জন। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।

 

ক্যাটাগরি