মেসির চার গোলে মন্ট্রিয়ালকে ৭-১ ব্যবধানে উড়িয়ে জয়ের ধারায় মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিয়ালকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার ন্যু স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি। ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর হেডে এগিয়ে যায় তারা। মায়ামির হয়ে এটি ছিল তার প্রথম গোল। তবে ৩৭ মিনিটে ফাবিয়ান হার্বার্সের দূরপাল্লার নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়াল।
বিরতির ঠিক আগে ৪০ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে মায়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ংকর হয়ে ওঠে মায়ামি। ৫২ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন তারকা।
এরপর লুইস সুয়ারেজকে গোলের সুযোগ তৈরি করে দেন মেসি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪-১ করেন উরুগুয়ের তারকা। ৮৩ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে গোলরক্ষকের ওপর দিয়ে চমৎকার চিপে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
৮৯ মিনিটে বদলি খেলোয়াড় অ্যালেক্স শ মায়ামির ষষ্ঠ গোল করেন। ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোল করে বড় জয় নিশ্চিত করেন মেসি।
এই জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটল মায়ামির। আগের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল তারা। বড় জয়ের পর ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



