অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

সংগৃহীত ছবি

বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে আরও জনপ্রিয় করতে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া অনূর্ধ্ব ২ হাজার টাকার প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে একোয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।

ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদাতা এবং বৈধ ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টদের মাধ্যমে করা লেনদেনের বিপরীতে এ প্রণোদনা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রণোদনা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে বাংলা কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের লেনদেন সম্প্রসারণে উৎসাহিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়াতে চলতি বছরের ১০ আগস্ট জারি করা আগের একটি বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংশ্লিষ্ট বিধানটি প্রতিস্থাপন করে নতুন এ নিয়ম চালু করা হয়েছে।

তবে আগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ক্যাটাগরি