ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের ৩২৩ নম্বর, অর্থাৎ সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আসনটি শূন্য হওয়ার পর তা পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। এ-সংক্রান্ত পদত্যাগপত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন পূরণের পরবর্তী কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্দেশনায় বিধি অনুযায়ী শূন্য আসনটি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ফেরদৌসী আহমেদ তার কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগের সঙ্গে সঙ্গেই আসনটি শূন্য হয়েছে বলে জানান তিনি।
ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এখন শূন্য রয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী সময়ে এ আসন পূরণের প্রক্রিয়া এগোবে।



