ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৯৭২

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৫৮ জন চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২৮ জন, বরিশাল বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮০ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৬ জন, রংপুর বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮১ হাজার ৫৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।



