সারাদেশ

রূপপুর প্রকল্পে কাজ দেওয়ার নামে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই

গ্রেফতারকৃত দুই আসামি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ঠিকাদারের কাছ থেকে ২ কোটি টাকার বেশি অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুই ভাই হলেন ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার ইসলাম মন্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৭) ও দীপ্ত ইসলাম (২৫)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) ও ইএসকেএম কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন অভিযুক্তরা। পরে ভুয়া কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার), মালামাল কেনা, বিল পাস এবং ভ্যাট-ট্যাক্স পরিশোধসহ বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এভাবে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়ার বাসিন্দা ঠিকাদার মোহাম্মদ বিন ছালামের কাছ থেকে নগদ ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা এবং ৪৪ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।

মামলা দায়েরের পর তদন্তে নেমে গত ৬ সেপ্টেম্বর দীপ্ত ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, সুপ্ত ইসলাম জীবন গত ৬ জুলাই অস্ত্রসহ চার সহযোগীকে নিয়ে র‍্যাবের হাতে আটক হন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সঞ্চয় চক্রবর্তী জানান, প্রতারণার পাশাপাশি চক্রটির সদস্যরা মাদক কারবারেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার দীপ্ত ইসলাম আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল। মামলার এজাহারের ভিত্তিতে তদন্ত করে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি