পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটর নির্বাচিত হলেন কিশোরগঞ্জের শেখ রহমান

আবারও যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডিস্ট্রিক্ট-৫ থেকে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে পঞ্চমবারের মতো অঙ্গরাজ্যটির সিনেটর নির্বাচিত হলেন কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচরের সন্তান শেখ রহমান। তাঁর এই জয়ে গ্রামের বাড়িতে বইছে আনন্দের জোয়ার।
নির্বাচনে প্রাথমিক হিসাবে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন। এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন তিনি।
শেখ মুজাহিদুর রহমান চন্দনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকায়। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।
শেখ রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ডিস্ট্রিক্ট-৫-এর প্রতিনিধিত্ব করছেন। যুক্তরাষ্ট্রে তিনি শেখ রহমান নামেই পরিচিত।
এদিকে ছেলের পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত হওয়ার খবরে আনন্দে আত্মহারা তাঁর মা সৈয়দা হাজেরা খাতুন। ছেলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার ছেলে একদিন আমেরিকার রাষ্ট্রপতি হবে।’
শেখ রহমানের ছোট ভাই ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘বড় ভাইয়ের এই বিজয়ে আমরা আনন্দিত। আমি, আমার মা-সহ সবাই তাঁর জন্য অপেক্ষা করছি। এ মাসের শেষ দিকে তিনি বাংলাদেশে আসবেন।’
১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ মুজাহিদুর রহমান চন্দন। পরে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল। তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন শেখ মুজাহিদুর রহমান চন্দন।



