বিনোদন

পরীমনিকে বাদ, বিকল্প অতিথি হিসেবে আলোচনায় অপু বিশ্বাস ও বুবলী

চিত্রনায়িকা পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে আয়োজিত ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

তিনি জানান, ঢাকার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে পরীমনিকে বিষয়টি জানানো হয়েছে। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

খালেদ সুমন আরও বলেন, অনুষ্ঠানে অনেক শিল্পী অংশ নেবেন। পরীমনির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা শবনম বুবলী অতিথি হিসেবে আসতে পারেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’-এর পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসার আহ্বান জানান। অন্যথায় আয়োজকদের বিকল্প অতিথি খোঁজার পরামর্শ দেন তিনি। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে ওই সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

আদালত চত্বরের ওই ঘটনাকে কেন্দ্র করেই পরীমনিকে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রতিবাদের মুখে অতিথির তালিকা থেকে তার নাম বাদ দেন আয়োজকরা।

ক্যাটাগরি